শুক্রবার; 09 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
শুক্রবার; 09 অক্টোবর 2026 | আর্কাইভ
সঙ্গীত ও নাচ

বিদ্রোহী বীণার ঝংকার ও সাম্যের বন্দনা: CUB-তে নজরুল বর্ষ উদযাপন

বিদ্রোহী বীণার ঝংকার ও সাম্যের বন্দনা: CUB-তে নজরুল বর্ষ উদযাপন
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, সাম্য, মানবতা ও অবিনাশী সাহিত্যচেতনাকে ধারণ করে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (CUB)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে “নজরুল বর্ষ উদযাপন ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এই বর্ণিল আয়োজনে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এইচ. এম. জহিরুল হক। তাঁর প্রাজ্ঞ বক্তব্য অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। তিনি নজরুলের সাহিত্য, মানবতাবাদী চেতনা ও সাম্যের দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ও গবেষক ড. সম্পা দাস। নজরুলের সাহিত্যদর্শন নিয়ে তাঁর গবেষণাধর্মী আলোচনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি তাঁর পরিবেশিত নজরুলসংগীত অনুষ্ঠানে সৃষ্টি করে আবেগঘন ও মনোমুগ্ধকর পরিবেশ।

শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন চন্দন ও নাঈম। নাবিলা ও ঐন্দ্রিলার নৃত্য এবং রোশনী, ফারিয়া ও আফরিনের যৌথ কবিতা আবৃত্তি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
এছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে তাঁর বিখ্যাত ছোটগল্প ‘পোস্টমাস্টার’-এর আবেগঘন নাট্যরূপ মঞ্চস্থ করা হয়। নাটকে রনো, নওমী ও বাপ্পির অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়।
নাট্য মঞ্চায়নে বিভাগীয় প্রধানের স্ক্রিপ্ট, রোহান ও তাঁর সহযোগীদের নির্দেশনা, রোহানের সার্বিক তত্ত্বাবধান এবং শিহাবের আবহ ও আলোকসম্পাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. সম্পা দাস ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন। তিনি বলেন, সামাজিক অবক্ষয়ের এই সময়ে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এ আয়োজন নজরুলকে সম্মান জানানোর এক অনন্য প্রয়াস। একই সঙ্গে তিনি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রেজিনা সুলতানা পিয়ার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. সম্পা দাস আরও বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিভাগীয় প্রধান তাঁর মেধা, ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছেন।

নজরুলের বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি রবীন্দ্রনাথের সাহিত্যকর্মকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ—দুই বাংলার দুই মহান সাহিত্যিকের সৃষ্টিশীলতার এমন সম্মিলন পুরো আয়োজনকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ।

সম্পর্কিত খবর