বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে এআইয়ের ‘হ্যালুসিনেশন’ ও ‘বায়াস’ নিয়ে আলোচনা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে এআইয়ের ‘হ্যালুসিনেশন’ ও ‘বায়াস’ নিয়ে আলোচনা
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনার
‘আন্ডারস্ট্যান্ডিং মডার্ন এআই অ্যান্ড এনএলপি রিসার্চ’ শীর্ষক সেমিনারটি আজ রোববার রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাব (PU AI Club) এ আয়োজন করে। সেমিনারটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি ও অনলাইনে অংশ নেওয়ার সুযোগ পান।

সেমিনারে আধুনিক এআই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেইনের পিএইচডি গবেষক উমায়ের রেজা। তিনি এনএলপির বিবর্তন এবং সাম্প্রতিক সময়ে LLM–ভিত্তিক এআইয়ের দ্রুত বিকাশের বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় এআইয়ের ‘হ্যালুসিনেশন’ ও ‘বায়াস’। হ্যালুসিনেশন বলতে এআইয়ের এমন ভুল তথ্য তৈরি করাকে বোঝানো হয়, যা শুনতে বা দেখতে বিশ্বাসযোগ্য হলেও বাস্তবে সঠিক নয়। উমায়ের রেজা বলেন, এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের ভুল তথ্য শনাক্ত করা এবং নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে তা যাচাই করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এআইয়ের এসব সমস্যা কমাতে ‘অন্টোলজি’ ও ‘নলেজ গ্রাফ’ কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও আলোচনা করেন তিনি। তাঁর মতে, তথ্যকে শুধু বিপুল পরিমাণে সংরক্ষণ করলেই হবে না; কোন তথ্যের সঙ্গে কোন তথ্যের সম্পর্ক রয়েছে, সেটিও কাঠামোবদ্ধভাবে উপস্থাপন করা প্রয়োজন। নলেজ গ্রাফ এ ক্ষেত্রে তথ্য ও ধারণার পারস্পরিক সম্পর্ক স্পষ্টভাবে তুলে ধরতে পারে। এর মাধ্যমে এআই ব্যবস্থার তথ্য ব্যবহারের প্রক্রিয়া আরও নির্ভরযোগ্য করার সুযোগ রয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল কবির। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে যুক্ত হতে হবে। এআই ও এনএলপির মতো নতুন প্রযুক্তিক্ষেত্রে দক্ষতা অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রধান অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান নাঈম। তিনি বলেন, শুধু শ্রেণিকক্ষের পাঠ্যবইয়ের জ্ঞান দিয়ে বর্তমান প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মেলানো কঠিন। শিক্ষার্থীদের বিশ্বের সর্বশেষ গবেষণা ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে।

সেমিনারটি পরিচালনা করেন এআই ক্লাবের মডারেটর ও সহকারী অধ্যাপক মিনহাজুল আলম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। আয়োজকেরা বলেন, দ্রুত পরিবর্তনশীল এআই প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি গবেষণার প্রতি তাঁদের আগ্রহ বাড়ানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

সম্পর্কিত খবর

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ education

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ

প্রতিবেদক: সংগৃহীত

২০২৭ সালের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাসে লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর আবারও ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার পুরোনো কাঠামোয় ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা।

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ education

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ৭ অক্টোবর শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক, উদ্যোক্তা ও শিল্প খাতের নেতারা অংশ নিচ্ছেন। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা education

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা

প্রতিবেদক: সংগৃহীত

মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে দুই সপ্তাহের বেশি সময় ধরে অচল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। ফাঁকা পড়ে আছে শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি। কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরবে, তা এখনো নিশ্চিত নয়। এতে সেশনজটের শঙ্কায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ১২ বিভাগের ৫ হাজারের বেশি শিক্ষার্থী। এরই মধ্যে ক্যাম্পাসের আন্দোলন গড়িয়েছে চট্টগ্রাম শহরেও। সবশেষ মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। যদিও আন্দোলনে ২৩ ব্যাচের কোনো শিক্ষার্থী নেই। তারা পরীক্ষা শেষে বাড়ি চলে গেছেন। ২৪ ব্যাচের কিছু শিক্ষার্থী আন্দোলনে রয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী education

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।