বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 আর্কাইভ
CampusLenzBD
বৃহস্পতিবার; 08 অক্টোবর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন লুৎফুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দেওয়া হয় ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৭৪ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন লুৎফুর রহমান। অর্থের অভাবে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকত, তাদের কাছে তিনি হয়ে উঠেছেন শিক্ষার আলোকবর্তিকা। নিজের উদ্যোগে গড়ে তোলা এই শিক্ষাসেবা তাকে গাইবান্ধায় পরিচিতি এনে দেয় ‘এক টাকার শিক্ষক’ নামে।

লুৎফুর রহমান প্রাতিষ্ঠানিকভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেননি। তবুও দীর্ঘ সময় ধরে শিক্ষাদানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তার কাছে পড়েছে বহু প্রজন্মের শিক্ষার্থী। এক টাকার বিনিময়ে পড়ানোর এই উদ্যোগ শুধু স্বল্প খরচে শিক্ষা দেওয়ার ঘটনা নয়, বরং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরির একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তার এই দীর্ঘ শিক্ষাসেবা বিশেষ ক্যাটাগরিতে স্বীকৃতি পায়।

সম্মাননাপ্রাপ্ত ১০২ জন শিক্ষকের তালিকায় ছিলেন প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষার শিক্ষকরা। পাশাপাশি ছিলেন বিশেষ অবদান রাখা শিক্ষাব্রতীরাও। লুৎফুর রহমান ছাড়াও বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা পাওয়া দুই শিক্ষক হলেন ‘রমনী কান্ত পাঠশালা’র রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় কাজ করা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খান।

শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করতে এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃথক বিচারক ও সার্চ কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে লুৎফুর রহমানের এই সংগ্রামী জীবনের গল্প এর আগেও ভাইরাল হয়েছে। অনেকেই তাকে অভিহিত করেছেন ‘শিক্ষার নিভৃতচারী সৈনিক’ হিসেবে। তার এই স্বীকৃতি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন প্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ education

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ

প্রতিবেদক: সংগৃহীত

২০২৭ সালের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাসে লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর আবারও ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার পুরোনো কাঠামোয় ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা।

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ education

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬

প্রতিবেদক: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ৭ অক্টোবর শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক, উদ্যোক্তা ও শিল্প খাতের নেতারা অংশ নিচ্ছেন। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা education

৫৬ দিনে ভিসি বদলে অচল চুয়েট, অনড় সরকার কাজে লাগাতে চায় ডুয়েটের অভিজ্ঞতা

প্রতিবেদক: সংগৃহীত

মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে দুই সপ্তাহের বেশি সময় ধরে অচল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। ফাঁকা পড়ে আছে শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি। কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরবে, তা এখনো নিশ্চিত নয়। এতে সেশনজটের শঙ্কায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ১২ বিভাগের ৫ হাজারের বেশি শিক্ষার্থী। এরই মধ্যে ক্যাম্পাসের আন্দোলন গড়িয়েছে চট্টগ্রাম শহরেও। সবশেষ মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। যদিও আন্দোলনে ২৩ ব্যাচের কোনো শিক্ষার্থী নেই। তারা পরীক্ষা শেষে বাড়ি চলে গেছেন। ২৪ ব্যাচের কিছু শিক্ষার্থী আন্দোলনে রয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী education

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী

প্রতিবেদক: সংগৃহীত

সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।